ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ

জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
×

কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের পথসভায়। ছবি- সমকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:১৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২২:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে মানুষ দুটি ভোট দিয়েছে। ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে সেভাবেই এ সরকারেরও পতন ঘটাবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা এনসিপি আয়োজিত প্রথম পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল তা দেশের জনগণ জানেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কীভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদের হত্যার বিচার করতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্যসচিব ওয়াদুদ খন্দকার, গাজীপুর জেলা ছাত্রশক্তির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×