ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

জাকির হোসেনের নিয়োগ বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

জাকির হোসেনের নিয়োগ বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২৩:৩৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২৩:৪১

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর নিয়োগ বাতিল করেছে সরকার। তাঁর মেয়াদ ১৪ মাস বাকি থাকতেই চুক্তি বাতিল করে নতুন ডেপুটি গভর্নর করা হয়েছে নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আলাদা দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে গভর্নর, দুই ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা পদ হারান। সে সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় পদত্যাগ করেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দেয়। বিএনপি ক্ষমতায় এসে আহসান মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে গভর্নর করেছে। এখন তাঁর সময়ে নিয়োগ পাওয়া জাকির হোসেন চৌধুরীকে ডেপুটি গভর্নর পদ থেকে সরানো হলো।

বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর পদে চারটি পদ রয়েছে। নূরুন নাহারের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। নতুন নিয়োগ পাওয়া আনিছুর রহমান গবেষণা সাইডে কর্মরত। তিনি হবেন এখন ডেপুটি গভর্নর।

বর্তমানে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ পান। আর ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীর সঙ্গে একই দিন তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তারা দুজন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

আরও পড়ুন

×