ওয়ানডেতে জিম্বাবুয়ের ১৪১ রান করতে পারল না বাংলাদেশ
ব্যাটিংয়ের সময় হৃদয় ও সোহান। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২১:৩৯ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২২:০০
জিম্বাবুয়ের কাছে টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। এবার অল্প রানের লক্ষ্যে নেমে ২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদী মিরাজের দল।
হারাতে স্পোর্টস ক্লাব মাঠে সোমবার প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে ৩৬.৪ ওভার ব্যাটিং করে ১৪১ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়েছে ঘরের মাঠে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সিরিজ জেতা বাংলাদেশ।
স্বাগতিক জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানের ওপেনিং জুটি পায়। সেখান থেকে ৪৭ রানে ৫ উইকেট হারায় তারা। ওপেনার বেন কারেনকে (১৮) রান আউট করেন অধিনায়ক মেহেদী মিরাজ। পরে ব্রায়ান বেনেট (১৭) ও ক্রেগ আরভিনকে (০) তুলে নেন তাসকিন আহমেদ।
পরের গল্পটা পেসার নাহিদ রানার। তিনি সিকান্দার রাজাকে (১) দিয়ে উইকেট নেওয়া শুরু করেন। একে একে তুলে নেন ইনোসেন্ট কায়া (২৬), ওয়েসলি মেধেভেরে (০), ব্রাড ইভান্সকে (৩)। ২৭ রান করা রিচাার্ড এনগ্রাভাকে তুলে নিয়ে রানা ১০ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট দখল করেন। শেষ উইকেট নিউম্যান নায়ামহুরিকে আউট করেন মিরাজ। তিনি সর্বাধিক ৩৩ রান করেন।
জবাব দিতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হয়ে টপ অর্ডারের তানজিদ তামিম (৮), সৌম্য সরকার (৬) ও নাজমুল শান্ত (৩) আউট হন। সেখান থেকে তাওহীদ হৃদয় ও নুরুল হাসান জুটি গড়েন। তারা ভরসা দিলেও ৪৯ রানের বেশি বড় হয়নি তাদের জুটি। প্রথমে হৃদয় ৫৮ বলে ২৫ করে আউট হন।
পরেই মোসাদ্দেক হোসেন (৩) ও মেহেদী মিরাজ (১০) আউট হলে হারের লজ্জার পথে পা বাড়ায় বাংলাদেশ। সোহান ভরসা দেবেন প্রত্যাশা করা হলেও তিনি দলের ৯৮ রানে সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। সোহানের ব্যাট থেকে ৪৪ বলে ৩১ রান আসে। পরে রিশাদ হোসেন (৫) ও তাসকিন আহমেদ (৫) ফিরলে লজ্জার হার সঙ্গী হয় দলের।
জিম্বাবুয়ের হয়ে দারুণ বোলিং করেছেন রিচার্জ এনগ্রাভা ও ব্রাড ইভান্স। তারা তিনটি করে উইকেট দখল করেন। ব্লেজিং মুজুরাবানি ও নায়ামহুরি নেন দুটি করে উইকেট।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে