ট্রাম্পের শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের পরিপন্থী: আরব লিগ
আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০১:৪৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।
ট্রাম্প শান্তি পরিকল্পনা প্রকাশ করার পর বুধবার তিনি এ মন্তব্য করেন।
ঘেইত বলেন, আমরা এই পরিকল্পনা নিয়ে বিশ্লেষণ করছি। শান্তি প্রতিষ্ঠায় আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
এর আগে ফিলিস্তিনের বারবার প্রত্যাখ্যানের পরও মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে এ পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
পরিকল্পনায় ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিকল্পনাটি ফাঁস হয়ে যাওয়ায় আগেই এটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। মঙ্গলবার গাজা উপত্যকায় কয়েক হাজার ফিলিস্তিনি প্রতিবাদ করেছেন। দখলকৃত পশ্চিমতীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। এরপরে ইসরায়েলের সঙ্গে আর কোনও শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না বলে ঘোষণা দেয় ফিলিস্তিনিরা।
