এবার আরব আমিরাতে করোনাভাইরাস শনাক্ত
ছবি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০২:২৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০২:৩৭
চীন থেকে উৎপত্তি করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও এই ভাইরাস শনাক্ত করা হলো।
চীনের উহান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া একটি পরিবারের সদস্যদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্সের
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা সংস্থা ডব্লিউএএমকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আবর আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল আছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের চিকিৎসা করা হচ্ছে, ওই বিবৃতিতে সেই তথ্য দেওয়া হয়নি।
এ দিকে চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩১ টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩২।
চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ আরও অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস।
- বিষয় :
- করোনাভাইরাস
- সংযুক্ত আরব আমিরাত
- ভাইরাস
