উহান থেকে ২০৬ নাগরিককে সরিয়ে নিল জাপান
নাগরিকদের ফেরত নিল জাপান-রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৪:৫৮
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া চীনের উহান শহর থেকে ২০৬ নাগরিককে দেশে সরিয়ে নিয়েছে জাপান। দেশটির মধ্যাঞ্চলীয় এ নগরী থেকে বুধবার একটি প্লেনে করে জাপানি নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়া হয়।
নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে মঙ্গলবার রাতে উহানে বিমান পাঠায় জাপান কর্তৃপক্ষ। খবর রয়টার্সের
অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইটটি আরোহী নিয়ে বুধবার সকালে টোকিও'র হানেদা বিমানবন্দরে পৌঁছায়।
ফেরত আসা যাত্রীদের মধ্যে চারজন জ্বর ও কাশিতে আক্রান্ত। এছাড়া দুইজন নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরে আসা নাগরিকদের মধ্যে আরেকজন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতাগি জানিয়েছেন, সরকার আরও ভাড়া করা প্লেন উহানে পাঠানোর চেষ্টা করছে। কেননা প্রায় সাড়ে ৬৫০ জন ইতোমধ্যেই জাপানে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছেন।
করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন।
- বিষয় :
- চীন
- জাপান
- করোনাভাইরাস
