বানর থেকে বাঁচতে...
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪১ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫৫
ভারতের বিভিন্ন অঞ্চলে বানরের অত্যাচারে অতিষ্ঠ জনজীবনের খবর প্রায়ই শোনা যায়। উত্তর প্রদেশের শাহজাহানপুরের সিকান্দারপুরের আফগান গ্রামের বাসিন্দা্রাও এর ব্যতিক্রম নয়। প্রায় এক দশক ধরে বানরের অত্যাচারে এখানকার বাসিন্দা দূর্বিষহ জীবনযাপন করছেন। বহুবার প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেও তারা কোনো ফল পাননি। শেষ পর্যন্ত এ অত্যাচার থেকে বাঁচতে নিজেরাই বের করেছেন অভিনব এক পদ্ধতি।
জানা গেছে, গ্রামটি বানরমুক্ত রাখতে এলাকারই দুই যুবক ভাল্লুক সেজে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছেন। এতে কিছুটা হলেও কমেছে বানরের অত্যাচার।
গ্রামবাসীরা জানায়, প্রায় ২ হাজারের বেশি বানর প্রতিনিয়তই তাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। ক্ষেতের ফসল থেকে রান্নাঘরের খাবার সবই যায় বানরের পেটে। ঘরের বাইরে কোনো শিশু ঘুরলে তাকেও কামড়াতে ছুটে আসে বানরের দল। এ ছাড়া গত দেড় বছরে বানরের আক্রমণের ভয়ে খাট থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই বৃদ্ধার।
গ্রামবাসীর অভিযোগ, প্রশাসণকে বারবার এ সমস্যার কথা জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে বাধ্য হয়ে বানরদের ভয় দেখিয়ে তাড়াতে একজন মেক-আপ শিল্পীর কাছ থেকে তিনটি ভাল্লুকের পোশাক কিনেছেন তারা।
সেই পোশাক পরে এলাকারই দুই যুবক ভাল্লুক সেজে বানর তাড়ানোর উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে গ্রামপ্রধাণ ললিত ভার্মা জানান, তার এক আত্মীয় এভাবে ভাল্লুক সেজে ভয় দেখিয়ে বানর তাড়ানোর কথা বলেছিলেন। সেই পদ্ধতি অনুসরণ করেই তারা বানর তাড়ানোর চেষ্টা করছেন। এতে উপকারও পাচ্ছেন।
জেলা বন সংরক্ষণ অফিসের এক কর্মকর্তা জানান, জেলায় বানরের সংখ্যা দ্রুত বাড়ছে। পর্যাপ্ত তহবিল না থাকায় তারা বানরের অত্যাচার বন্ধে খুব বেশি কিছু করতে পারছেন না।
তিনি আরও জানান, শিগগিরই তিনি সিকান্দরপুর গ্রাম পরিদর্শন করবেন । ভাল্লুক সেজে বানর তাড়ানোর কৌশল যদি সত্যিই কাজ করে তাহলে আশেপাশের গ্রামগুলোতেও একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হবে। সূত্র : ইন্ডিয়া টুডে
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া
