ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গবাদি পশুর ঢেকুরের ওপর করারোপের পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

গবাদি পশুর ঢেকুরের ওপর করারোপের পরিকল্পনা করছে নিউজিল্যান্ড
×

ছবি: গেটি ইমেজেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০১:৫১ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০২:৫৭

দেশে গ্রিনহাউস গ্যাসের বৃহত্তম উৎসগুলোর একটি মোকাবিলার জন্য ভেড়া ও গবাদি পশুর ঢেকুরের ওপর করারোপের পরিকল্পনার কথা জানিয়েছে নিউজিল্যান্ড।

এটি যদি বাস্তবায়ন হয় তাহলে নিউজিল্যান্ড হতে যাচ্ছে প্রথম দেশ যার কৃষকরা তাদের পালন করা গবাদি পশুর নিঃসৃত মিথেন গ্যাসের জন্য অর্থ পরিশোধ করবে। খবর বিবিসির।

নিউজিল্যান্ডে ৫০ লাখের বেশি মানুষের বসবাস। সেখানে রয়েছে ১ কোটির মতো গবাদিপশু এবং ২ কোটি ৬০ লাখের মতো ভেড়া।

দেশটির গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অর্ধেকেই আসে কৃষি খাত থেকে, বিশেষত মিথেন গ্যাস।

যদিও এর আগে কৃষির গ্যাস নিঃসরণ দেশটির ইমিশন ট্রেডিং স্কিমের অন্তর্ভুক্ত ছিল না। 

এ প্রস্তাবের অধীনে কৃষকদের গ্যাস নিঃসরণের জন্য ২০২৫ থেকে অর্থ পরিশোধ করতে হবে। ফিড অ্যাডিটিভ ব্যবহারের মাধ্যমে যেসব কৃষক গ্যাস নিঃসরণ কমাবেন তাদের জন্য থাকবে প্রণোদনা।

অ্যান্ড্রু হোগার্ড একজন কৃষক এবং দেশটির ফেডেরেটেড ফার্মার্স অব নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট জানান, তিনি এ প্রস্তাবের অনুমোদনের পক্ষে।

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জেমস শ বলেন, আমাদের মিথেন গ্যাস নিঃসরণ কমাতে হবে এটি নিয়ে কোনো প্রশ্ন নেই। আর তা অর্জনে কৃষির ওপর কার্যকর নির্গমন মূল্য ব্যবস্থা সহায়ক হবে।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায়, এ উদ্যোগ থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হবে কৃষকদের জন্য গবেষণা, উন্নয়ন ও সুপারিশমূলক কার্যক্রমে।

আরও পড়ুন

×