করোনাভাইরাস আক্রান্তের কার্যকরী চিকিৎসা নেই: ডব্লিউএইচও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২১:২৩ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২৩
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আক্রান্তদের জন্য এখনও পর্যন্ত কোনও 'কার্যকরী চিকিৎসা' নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
বুধবার সংবাদ মাধ্যমে আসা চীনা গবেষকদের এ সংক্রান্ত দাবি উড়িয়ে দিয়ে সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ঝিজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করোনাভাইরাস প্রতিরোধে কার্যকরী ওষুধ আবিষ্কারের খবর আসে চীনা একটি টেলিভিশনে আর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজে জানানো হয়, এক্ষেত্রে টিকা আবিষ্কার করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গবেষকরা।
ওই প্রসঙ্গে ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ২০১৯-এনসিওভি ভাইরাসে আক্রান্তদের জন্য কার্যকরী কোনও বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি নেই। আর যে কোনও চিকিৎসা পদ্ধতি প্রয়োগের আগে এর কার্যযকারিতা ও তা কতটুকু নিরাপদ তা নিশ্চিত হতে পরীক্ষার পরামর্শ দিচ্ছে বিশ্ব ডব্লিউএইচও।
চীন থেকে বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত ৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
