তৃণমূলে প্রাক্তন মাওবাদীদের নিচ্ছেন মমতা: দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৯
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে প্রাক্তন মাওবাদীদের নেওয়ার চিন্তা করছেন বলে কটাক্ষ করেছেন রাজ্যটির বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার জলপাইগুড়ি জেলায় সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, বিজেপির সঙ্গে লড়াইয়ে পেরে উঠছেন না। তাই প্রাক্তন মাওবাদী ও ক্যাডারদের দলে ঢোকানোর ভাবনা ভাবতে হচ্ছে মমতাকে। খবর এনডিটিভির
মঙ্গলবার এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোকে দলে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন। একসময় মাওবাদী-সমর্থিত পিপলস কমিটির (পিসিপিএ) প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো উপজাতি অধ্যুষিত জঙ্গলমহল এলাকায় লালগড় আন্দোলনের সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন।
কিছুদিন আগেই ছত্রধর মাহাতো জেল থেকে ছাড়া পেয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভাল আচরণের জন্য কলকাতা হাইকোর্টের মাধ্যমে তার যাবজ্জীবন সাজার মেয়াদ হ্রাস করে ১০ বছর করে। তারপরেই তাকে দলে নেওয়ার ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ছত্রধর মাহাতো দলে যোগ দিলে তিনি খুশি হবেন। তবে প্রাক্তন মাওবাদী নেতা এখনও এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন।
ছত্রধর মাহাতোর তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ বলেন, তবে আমি একটি বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে রাখি, মাওবাদী বা তৃণমূল কংগ্রেস, দুজনে মিলে চেষ্টা করেও এ রাজ্যে বিজেপিকে থামাতে পারবে না।
গত লোকসভা নির্বাচনের পর থেকেই ক্রমশই পশ্চিমবঙ্গে গেরুয়া জমি শক্ত হচ্ছে বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
