পানের দোকানে 'গাঁজা চকলেট'!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:৫১ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ১০:১৩
পানের দোকানে বিক্রি হচ্ছে সাধারণ চকলেট ক্যান্ডি। কিন্তু সেই চকলেট ক্যান্ডি তৈরি হচ্ছে গাঁজা দিয়ে। আর এই অবাক করার ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের ফতেহনগরে একটি পানের দোকানে। এ ঘটনায় জয়ন্ত প্রধান নামের এক পানদোকানিকে গ্রেপ্তার করেছেন মাদক দফতরের কর্মকর্তারা।
ভারতের সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদন বলছে, ওই দোকানির কাছ থেকে ২০০টি গাঁজা মিশ্রিত ক্যান্ডি উদ্ধার হয়েছে। হায়দরাবাদের ফতেনগরের পানের দোকানেই বিক্রি করা হত এগুলো।
এ বিষয়ে মাদক দফতরের এক কর্মকর্তা বলেন, 'খবর পেয়ে আমরা অভিযান চালায় ওই পানের দোকানে। সেখান থেকে পাঁচটি প্যাকেটে ১.২ কেজি চকোলেট উদ্ধার হয়েছে। প্রত্যেক প্যাকেটে ৪০টি করে ক্যান্ডি ছিল। ওই পানের দোকানিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, আকাশ দাস নামের এক ব্যক্তি এই ধরনের চকোলেট তৈরি করে সরবরাহ করত ওই দোকানে।'
সেখানকার মাদক দফতরের অ্যাসিট্যান্ট সুপারিন্টেডেন্ট এন আঞ্জি রেড্ডি বলেছেন, কিছু দালাল গাঁজাকে সুন্দরভাবে গুঁড়ো করে চকলেট পাউডারের মিশিয়ে ক্যান্ডি তৈরি করছিল। দুই বছর ধরে মাদক-দালালরা নিষিদ্ধ দ্রব্য তৈরির নতুন উপায় খুঁজছে। কিন্তু আমরা কড়া নজর রেখে চলেছি।'
- বিষয় :
- গাঁজা
- পানের দোকান
- ভারত
