ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

চিকেন নেকের নিরাপত্তায় জলঢাকা সেতুতে নিরাপত্তা মহড়া, সংকট মোকাবিলায় সমন্বয় জোরদার

চিকেন নেকের নিরাপত্তায় জলঢাকা সেতুতে নিরাপত্তা মহড়া, সংকট মোকাবিলায় সমন্বয় জোরদার
×

ছবি-ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৯:০১ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৯:১৬

চিকেন নেক অঞ্চলের কৌশলগত নিরাপত্তা জোরদার করতে জলপাইগুড়ি জেলার জলঢাকা সেতুতে যৌথ মহড়া চালিয়েছে ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি), বেঙ্গল পুলিশ ও রেল পুলিশ (আরপিএফ)। আকস্মিক নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় নিশ্চিত করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

এই মহড়ায় এসএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি রোড রেলস্টেশনের আরপিএফ কর্মকর্তারা অংশ নেন।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকার জলঢাকা সেতুটি চিকেন নেক অঞ্চলের যোগাযোগ ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অবকাঠামো। জরুরি পরিস্থিতি বা যুদ্ধকালীন অবস্থায় সেতুটিতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি দেখা দিলে কীভাবে এসএসবির জওয়ানরা দ্রুত অবস্থান নেবেন এবং স্থানীয় পুলিশ ও রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, তা এই মহড়ার মাধ্যমে বাস্তবসম্মতভাবে অনুশীলন করা হয়।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, উত্তরবঙ্গের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×