ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ ইরানের
×

যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনগুলোতে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের। প্রতীকী ছবি

এএফপি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৭:২০

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেকনিক্যাল’ বা কারিগরি দলের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন বৈঠকের পরিকল্পনা তাদের নেই।

এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, হরমুজ প্রণালি নিয়ে নতুন করে শুরু হওয়া বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। এসব প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি স্থাপনে পাকিস্তানের পাশাপাশি কাতারও অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। সবশেষ ২১ জুন সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। সেখানে মধ্যস্থতাকারীরাসহ চার দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

এদিকে কাতারে বৈঠকের খবর নাকচের দিনেই তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রতিনিধিরা ওমানের সঙ্গে বৈঠক করেছেন। এক্সে দেওয়া পোস্টে কাজেম ঘারিবাবাদি লিখেছেন, মাসকাট সফরের সময় ‘যৌথ হরমুজ কমিটি’র প্রথম বৈঠক হয়েছে। প্রণালির বর্তমান সমস্যাগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা মতবিনিময় করেছেন।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালি ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, সাধারণত কোনো দেশই এই প্রণালি দিয়ে অন্যান্য দেশের নৌযান চলাচল বন্ধ করতে বা এর জন্য টোল আদায় করতে পারে না।

আরও পড়ুন

×