করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৪৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ২৩:২৬
নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে।
চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। শুক্রবার সেখানে আরও ৭৭৮ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে সেখানে ৪ হাজার ৬৩৬ জন আক্রান্ত হয়েছে। ইতালি থেকেই পুরো ইউরোপ এবং আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। খবর সিএনএনের
জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের বরাত দিয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বেরেল্লি শুক্রবার জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮১ বছর। এদের বেশিরভাগই আগে থেকেই নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃতদর মধ্যে শতকরা ৭২ শতাংশ পুরুষ।
ইতোমধ্যে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে অন্তত ৯৩টি দেশে। শুক্রবার পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৫০২ জন। আর চীনসহ ১৬টি দেশে মারা গেছে ৩ হাজার ৪৮৫ জন।
- বিষয় :
- চীন
- করোনাভাইরাস
- মৃত্যু
