ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
×

শনিবার হোয়াইট হাউসে ব্রিফিং -নিউ ইয়র্ক টাইমস

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০০:১৪ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৯:৩৯

এক রাতেই নতুন ২১ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৯। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান।

ড. স্টিফেন হ্যান জানান, করোনা ভাইরাস শনাক্তে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৬১টি পরীক্ষা সম্পন্ন করেছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রায় অর্ধেকেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে। নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিউ ইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেরিল্যান্ড, উতাহ এবং ওয়াশিংটনেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ওকলাহোমা, নেব্রাস্কা, মিনেসোটা ও পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোতেও এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো বলেন, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১ জনই নিউইয়র্ক শহরের বাসিন্দা। এছাড়াও সব মিলিয়ে ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতা হিসেবে নিউইয়র্কের সব স্কুল বন্ধেরও ঘোষণা দিয়েছেন কুমো। আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে বাইরে থেকে আগত অতিথিদের প্রবেশাধিকারেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে নিউইয়র্কে প্রায় ১২ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই অঙ্গে নাগরিকরা যেন কোয়ারেন্টাইনে থেকে স্বাস্থ্য পরীক্ষা করান তার আহ্বানও জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর: নিউ ইয়র্ক টাইমস

আরও পড়ুন

×