ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

রোবটের রশ্মিতে ধ্বংস ভাইরাস

রোবটের রশ্মিতে ধ্বংস ভাইরাস
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ২০:৫৯ | আপডেট: ২২ মার্চ ২০২০ | ২১:০২

অনুগ্রহ করে কক্ষ ত্যাগ করুন এবং দরজা বন্ধ করুন, কিছুক্ষণের মধ্যে ভাইরাস ধ্বংসের কাজ শুরু হবে। এসব কোনো দারোয়ান বা অফিস সহকারীর কথা নয়। হাসপাতালে রাখা রোবট ইংরেজিতে এসব কথা বলছে।

নতুন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার নেওয়ায় নানা পদক্ষেপ ও উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবহার হচ্ছে জীবাণুনাশক উপকরণ। এ কাজে গতি আনতে বাজারে আনা হলো জীবাণুনাশক রোবট। আলোকরশ্মি ব্যবহারে এটি জীবাণু ধ্বংস করে।

ইউভিডি রোবট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিস বলেন, এই রোবট চলবে স্বয়ংক্রিয়ভাবে এবং সংক্রমণ প্রতিরোধে চীনা ভাষায়ও আপনাকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে। ধ্বংস করবে বিভিন্ন রোগের ভাইরাস ও জীবাণু। তবে, এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই এটি চালু করে দিয়ে ঘর থেকে বেরিয়ে অপেক্ষা করতে হবে। ১০ থেকে ২০ মিনিটের মধ্যে এই রোবট তার কর্মসম্পাদন করবে। জীবাণু ধ্বংস করতে রোবটটি তার আলোকরশ্মি ব্যবহার করে।

রোবটটির অতিবেগুনি রশ্মিতে জীবাণু ধ্বংসের ক্ষমতা রয়েছে। আলোকরশ্মির জন্য এতে সংযোজন করা হয়েছে আটটি বাল্ব। আর এর অতিবেগুনি রশ্মি ধ্বংস করতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিভিন্ন ক্ষতিকর জীবাণু। এগুলো ধ্বংস করতে অতিবেগুনি রশ্মি জীবাণুর ডিএনএ ও আরএনএ ধ্বংস করে। এতে তারা আর বংশবিস্তারও করতে পারে না।

জীবাণুর বংশবিস্তার ও ভাইরাস সংক্রমণের উপায়গুলো নিয়ে গবেষণা করে এই রোবটটি তৈরি করা হয়েছে বলে জানান ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক হান্স ইয়র্ন কলমোস। সূত্র: বিবিসি।

আরও পড়ুন

×