হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৯:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রোববার সকালে হাসপাতাল ছাড়েন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল ছাড়লেও খুব শিগগির তার কাজে ফেরার সম্ভাবনা নেই।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর গত রোববার জনসনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। ৫৫ বছর বয়সী জনসনকে তিন রাত আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে নেওয়া হয়।
বাড়িতে থেকেই জনসন বাকি চিকিৎসা নেবেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। চিকিৎসকদের পরামর্শেই তিনি এখনই কাজে ফিরছেন না। ডাউনিং স্ট্রিটে ফিরে সেন্ট থমাস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন জনসন।
জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডস টুইটারে লিখেছেন, দুর্দিনে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ। আর স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিলেও অনেক কম হবে।
ক্যারি সাইমন্ডস করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন। তবে তিনি করোনাভাইরাস পরীক্ষা করেননি। এর আগে অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সাইমন্ডস করোনাভাইরাসে আক্রান্ত।
ব্রিটেনে প্রায় ৭৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের।
