করোনা আতঙ্ক
লুডু খেলার সময় কাশি দেওয়ায় যুবককে গুলি
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
আশেপাশে কেউ হাঁচি-কাশি দিলেও এখন মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। সাধারণ জ্বর, সর্দিও এখন মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। করোনা আতঙ্কের কারণে লুডু খেলার সময় ভারতে কাশি দিয়ে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। দেশটির উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটেছে।
লুডু খেলার সময় প্রশান্ত নামের এক যুবক হাঁচি দেওয়ায় তার সঙ্গে থাকা লোকজন তাকে গুলি করে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটে। খবর এনডিটিভির
জানা গেছে, লুডু খেলার এক পর্যায়ে সে কাশি দিতে থাকে। সে সময় তার সঙ্গে খেলতে বসা গুল্লু নামের এক প্রতিবেশীর সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। গুল্লুর অভিযোগ প্রশান্ত ইচ্ছা করেই কাশি দিচ্ছিল যেন অন্যরা করোনায় আক্রান্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে গুল্লু পিস্তল বের করে প্রশান্তকে গুলি করে। আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। গুল্লুকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
সারাবিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। ভারতে মৃতের সংখ্যা ৪১৪। আক্রান্ত ১২ হাজারের বেশি।
