ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভিয়েতনাম যুদ্ধের চেয়ে করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে

ভিয়েতনাম যুদ্ধের চেয়ে করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০০:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০১:০৬

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত সৈন্য প্রাণ হারিয়েছিল এ সংখ্যা তার চেয়ে বেশি। স্থানীয় সময় মঙ্গলবার নাগাদ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়েছিল ১৬ বছর। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার ২২০ সেনা প্রাণ হারিয়েছিল। তবে তিন মাসেরও কম সময়ের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৬০৫ জন।

গত ১৮ দিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে। এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে সংক্রমণের ৩০ শতাংশই নিউইয়র্কে। এই রাজ্যটিই সংক্রমণের মূল কেন্দ্র। এরপরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্যের তালিকায় রয়েছে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া ও মিশিগান।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, খুচরা, উৎপাদনমূলক ও স্বল্প ঝুুঁকির ব্যবসা প্রতিষ্ঠানগুলো কয়েক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হতে পারে। জুলাইয়ের শুরুর দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ফ্লোরিডার গভর্নর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে বৈঠক করেছেন।

আরও পড়ুন

×