কানাডার এক সংসদ সদস্য রোজা রাখেন যে কারণে
কানাডিয়ান এমপি মার্ক হল্যান্ড - ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০০:২৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৪৫
রমজান মাসে রোজা রাখা গোটা বিশ্বের মুসলমানদের ধর্মীয় বিধান হলেও কানাডিয়ান এক অমুসলিম সংসদ সংদস্য ছয় বছর ধরে রোজা রাখছেন। উদ্দেশ্য একটাই, অভাবী মানুষকে খাওয়ানো।
কানাডিয়ান গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম অন্টারিওর আজাক্স শহরে বসবাসরত ওই সংসদ সদস্যর নাম মার্ক হল্যান্ড। তিনি ছয় বছর ধরে নিয়মিত রোজা রাখছেন। রোজা থাকার কারণে তার খাবারের টাকা তিনি দান করেন ‘গিভ ৩০’নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে। এটি যুক্তরাষ্ট্র-কানাডা-অস্ট্রেলিয়ার দরিদ্র মানুষদের ‘খাবারের ব্যাংক’ হিসেবে পরিচিত। এখান থেকে এই দেশগুলোর অভাবী মানুষকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
সম্প্রতি মার্ক হল্যান্ড ভিডিও বার্তায় তার এলাকার মুসলিম রোজাদারদের শুভেচ্ছা জানান। সেখানে তিনি বলেন, ছয় বছর ধরে নিয়মিত রোজা রাখলেও এবারই প্রথবারের মতো তিনি মুসলমানদের ভাইদের সঙ্গে ইফতার করতে পারছেন না। কারণ করোনাভাইরাসের কারণে তিনি সামাজিক দূরত্ব মেনে চলছেন।
এর আগে এক ভিডিও বার্তায় তিনি রোজা এবং রোজার মাহাত্ব্য নিয়ে কানাডিয়ান সংসদে ব্যাখ্যা করেন। সেখানে তিনি রোজা রাখার অভিজ্ঞতা এবং কীভাবে তা থেকে টাকা সঞ্চয় করছেন তা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে রোজা নিয়ে তার সেই ভিডিও বার্তা বহুবার শেয়ার হয়েছে। নিজে রোজা রেখে খাবারের সেই অর্থ কীভাবে তিনি দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন তা উঠে এসেছে।
এর আগে ২০১৬ সালে মার্ক হল্যান্ড এক ভিডিও বার্তায় হাজার হাজার কানাডিয়ান মুসলমানদের শুভেচ্ছা বার্তা জানান। সেখানে তিনি বলেন, ‘গত বছরের পুরো রমজানে আমি রোজা রেখেছি। গিভ-৩০ প্রতিষ্ঠানকে সাহায্য করে আমার মনে হয়েছে আমি একটা কিছু করছি।’
তিনি জানান, যখন তিনি রোজা রাখেন, ক্ষুধার্ত হলে কেমন লাগে সেই অনুভূতিটা বুঝতে পারেন। হল্যান্ড বলেন, ‘এটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। অবশ্যই, সারাদিন রোজার পর ইফতারে চরম তৃপ্তি লাগে। কিন্তু কানাডা কিংবা বিশ্বের অনেক জায়গার দরিদ্র মানুষের মধ্যে এই তৃপ্তি কখনো আসে না।
মার্ক হল্যান্ড জানান, রোজা এমনই একটি অনুভূতি যা গিভ-৩০ এর মতো প্রতিষ্ঠানে সহযোগিতার করার শক্তি জোগায়।
এর আগে আরেক সাক্ষাৎকারে কানাডিয়ান এই সংসদ সদস্য বলেছিলেন, দাতব্য প্রতিষ্ঠানে সহযোগিতার পাশাপাশি আজাক্সে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেও তিনি রোজা রাখেন।
- বিষয় :
- কানাডা
- রমজান মাস
- সংসদ সদস্য