ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেউলিয়াত্ব থেকে সুরক্ষা পেতে শতবর্ষী বিমান সংস্থার আবেদন

দেউলিয়াত্ব থেকে সুরক্ষা পেতে শতবর্ষী বিমান সংস্থার আবেদন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০১:০৪ | আপডেট: ১১ মে ২০২০ | ০১:১০

করোনাভাইরাসের কারণে চরম সংকটে পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার শতবর্ষের পুরোনো জাতীয় বিমান সংস্থা আভিয়ানকা। প্রতিষ্ঠানটি দেউলিয়াত্ব থেকে সুরক্ষা পেতে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আবেদন করেছে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আভিয়ানকা ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। তবে করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ। মহামারির কারণে কোম্পানিটির ৮০ শতাংশ আয় কমে গেছে। তবে উচ্চ মাত্রার স্থায়ী ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে আভিয়ানকা।

এমন পরিস্থিতিতে দেউলিয়া হয়ে যেতে পারে আভিয়ানকা। এ থেকে বের হতে না পারলে আভিয়ানকাই হবে মহামারির কারণে দেউলিয়া হয়ে যাওয়া প্রথম বিমান কোম্পানি।

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আভিয়ানকা নিউইয়র্কে তালিকাভুক্ত একটি বিমান কোম্পানি। নিউইয়র্কের একটি আদালতে এরই মধ্যে দেউলিয়া থেকে সুরক্ষার জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ১০০ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটিকে চরম সংকটে ফেলে দিয়েছে মহামারি পরিস্থিতি। এ থেকে রক্ষা পেতেই দেউলিয়া সুরক্ষার আবেদন করা হয়েছে।

বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিমান সংস্থা আভিয়ানকা। ১৯১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি কলম্বিয়ায় কার্যক্রম চালিয়ে আসছে। সংকট থেকে বাঁচতে প্রতিষ্ঠানটি সম্প্রতি কলম্বিয়া সরকারের অর্থ সহায়তা চেয়েছিল। 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেন। এরপর থেকে ১৪০টির বেশি বিমান অলস পড়ে আছে।

শুধু কলম্বিয়া নয়, করোনাভাইরাস মহামারির কারণে বহু দেশের বিমান সংস্থা সংকটের মুখে পড়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিমান চলাচল কমে গেছে ৯০ শাতংশের বেশি। ফলে এ বছর অনেক কোম্পানিকে গুণতে হতে পারে রেকর্ড পরিমাণে লোকসান।

আরও পড়ুন

×