পাকিস্তানে অনার কিলিংয়ের নামে দুই কিশোরীকে হত্যা
দেশটিতে নারীদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০১:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাকিস্তানে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অনার কিলিংয়ের নামে হত্যা করা হয়েছে দুই কিশোরীকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়াজিরিস্তানের এক দুর্গম এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে। দুই কিশোরীর পরিবারেরই এক সদস্য তাদের গুলি করে হত্যা করে বলে জানা যায়। এ ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ। খবর ডন অনলাইনের।
পুলিশের বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখাওয়ার সীমান্তবর্তী এক গ্রামে এক সপ্তাহ আগে হত্যা করা হয়েছে ওই দুই কিশোরীকে। এদের একজনের বয়স ১৬, আরেকজনের ১৮।
যে ভিডিও নিয়ে এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে সেটি হাতে পেয়েছে ডন। তারা জানায়, এতে দেখা গেছে এক যুবক ভিডিওটি ধারণ করছেন। সেখানে তার সঙ্গে আরও তিনটি মেয়ে উপস্থিত ছিলো এবং জায়গাটি ছিল নির্জন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে অন্তত এক বছর আগের ভিডিও এটি। সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই এই অনার কিলিংয়ের ঘটনাটি ঘটে।
পাকিস্তানের একজন পুলিশ অফিসার বলেন, ‘এখন আমাদের দায়িত্ব তৃতীয় মেয়েটি ও যুবকের প্রাণ বাঁচানো।’
রোববার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন এক কিশোরীর বাবা এবং আরেক কিশোরীর ভাই।
পাকিস্তানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দেশটিতে নারী ও মেয়েদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা। প্রতি বছর দেশটিতে এক হাজারের বেশি অনার কিলিংয়ের ঘটনা ঘটে।