করোনা আক্রান্ত বয়স্কদের ভেন্টিলেটরেও বাঁচার সম্ভাবনা কম: গবেষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২০ | ০৩:০১ | আপডেট: ২১ মে ২০২০ | ০৪:৩৩
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদযন্ত্রের অসুখ বা স্থূলতা রয়েছে এমন বয়স্ক ব্যক্তিরা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের ভেন্টিলেটরে নেওয়া হলেও বেঁচে ফেরার সম্ভাবনা কম। মঙ্গলবার বিশ্বখ্যাত জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত এক গবেষণায় এমনটাই দাবি করেছেন গবেষকরা। দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি অনলাইন।
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দু’টি হাসপাতালে জটিল রোগের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত বয়স্কদের বেশিরভাগকেই ভেন্টিলেটরে (কৃত্রিম শ্বাসযন্ত্র) রাখার পরও বাঁচানো সম্ভব হয়নি।
গবেষণাটির জ্যেষ্ঠ লেখক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরভিং মেডিকেল সেন্টারের নিউমোনলজিস্ট ম্যাক্স ও’ডনেল বলেন, ‘এটা (নতুন করোনাভাইরাস) যে কতটা ভয়াবহ হতে পারে সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। নিঃসন্দেহে বলা যায়, এটা কোনো সাধারণ ফ্লু নয়’।
২ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ম্যানহাটনের দু’টি হাসপাতালে চিকিৎসাধীন ২৫৭ জন করোনাভাইরাসে গুরুতর আক্রান্ত বয়স্ক মানুষকে পর্যবেক্ষণ করে গবেষণাটি করা হয়েছে। তাদের গড় বয়স ছিল ৬২ এবং দুই-তৃতীয়াংশ ছিলেন পুরুষ।
পর্যবেক্ষণে থাকা রোগীদের ৩৯ শতাংশের মৃত্যু হয় ২৮ এপ্রিলের মধ্যে। এই সময়টাতে বাকি ৩৭ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ম্যাক্স ও’ডনেল বলেন, ওই সময়ে হাসপাতাল দু’টিতে থাকা ৩০ বছরের নীচে করোনাভাইরাসে গুরুতর আক্রান্ত কোনো তরুণের মৃত্যু হয়নি। অল্প কয়েকজনের সাময়িক সময়ের জন্য ভেন্টিলেটরের সহায়তার প্রয়োজন হয়েছিল। তবে ৮০ বছরের বেশি বয়সীদের যারা ভেন্টিলেটরে ছিলেন তাদের মধ্যে ৮০ শতাংশেরই মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত বয়স্কদের ভেন্টিলেটরে নেওয়া হলেও তাদের পরিণতি কী হতে পারে সে বিষয়ে পরিবারের সদস্যদের ধারণা দেওয়া উচিত চিকিৎসকদের। এমনটাই মনে করেন ম্যাক্স ও’ডনেল। যদিও পরিবারের সদস্যদের বিষয়টি বোঝানো খুবই কঠিন বলে মনে করেন তিনি।