করোনা মহামারির ‘কেন্দ্রস্থল এখন’ ল্যাটিন আমেরিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০১:৫৩ | আপডেট: ২৭ মে ২০২০ | ০২:০৪
ল্যাটিন আমেরিকা নভেল করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্রস্থল বা হটস্পট হয়ে উঠেছে বলে সতর্ক করে দিয়েছেন প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও বা পাহো) পরিচালক ডা. কারিসা ইতিয়েন। তিনি মঙ্গলবার বলেছেন, দৈনিক সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে ছাড়িয়ে গেছে ল্যাটিন আমেরিকার দেশগুলো। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডা. কারিসা বলেন, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রায় ২৫ লাখ মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। এ পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় যে, অঞ্চলটি এখন মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে।
ব্রাজিলের করোনা পরিস্থিতি নিয়ে বেশি উদ্বিগ্ন পাহো। গত সপ্তাহে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ ভাইারাসে আক্রান্ত হয়েছেন। একই অবস্থা পেরু ও চিলির। ডা. কারিসা সতর্ক করে বলেছেন, এখনই ল্যাটিন অঞ্চলে লকডাউন শিথিল করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
চিলিতে ৭৭ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮০৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের দুই মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
বিশ্বে আক্রান্তের সংখ্যা বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ব্রাজিলে প্রায় চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পেরুতে করোনাভাইারাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৭৮৮ জনের।