করোনায় মৃতের তথ্য সরিয়ে ফেলল ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০১:৩৩ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০১:৪৫
করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই ব্রাজিলের সরকারি ওয়েবসাইট থেকে গত কয়েক মাসের কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সরিয়ে ফেলা হয়েছে। করোনা নিয়ন্ত্রণ নিয়ে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সমালোচনার মুখে পড়ায় শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব তথ্য- উপাত্ত সরিয়ে নেয়। খবর বিবিসির
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ব্রাজিলে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং কতজন মারা গেছেন এখন থেকে তারা শুধু সেই তথ্যই জানাবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো গোটা পরিস্থিতি তুলে ধরবেন না।
প্রেসিডেন্ট বোলসোনারো টুইটারে জানিয়েছেন, সমষ্টিগত তথ্য- উপাত্ত এই মুহূর্তে দেশটির বর্তমান চিত্র ফুটিয়ে তুলবে না। তবে তিনি সেখানে কোভিড-১৯ সংক্রান্ত আগের সব তথ্য- উপাত্ত কেন সরিয়ে নেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রনালয়ের এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন দেশটির সংবাদকর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। টানা চারদিন ধরে ব্রাজিলে ১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর প্রকাশের পর আগের সব তথ্য-উপাত্ত সরিয়ে নেয়া হয়।
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট সংক্রমণ কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত লকডাউন আরোপের বিপক্ষে অবস্থান নেন। শুরু থেকেই তিনি করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে নাগরিকদের স্বাভাবিক জীবন-যাপনের পরামর্শ দিয়ে আসছিলেন। এমনকী সামাজিক দুরত্ব না মানার ব্যাপারেও তার সমর্থন ছিল।
ব্রাজিলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের তুলনায় বর্তমানে এখানে মৃত্যুর হারও বেশি।
লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে অপর্যাপ্ত পরীক্ষার কারণে এই সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ।