ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

তানজানিয়া ‘করোনামুক্ত’, দাবি প্রেসিডেন্টের

তানজানিয়া ‘করোনামুক্ত’, দাবি প্রেসিডেন্টের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:৩১ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৯:৩৬

'দেশ মহামারি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।' সোমবার রাজধানী দোদোমার একটি চার্চে দেয়া ভাষণে এমনটা দাবি করলেন আফ্রিকার দেশ তানজানিয়ার  প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। তিনি বলেন, মূলত মহান সৃষ্টিকর্তার কাছে দেশবাসীর প্রার্থনা ও উপবাসের কারণে বৈশ্বিক এই মহামারি থেকে মুক্তি মিলেছে তাদের। খবর আলজাজিরা, বিবিসির

তানজানিয়ার  প্রেসিডেন্টের দাবি সত্যি হলে বিশ্বের করোনামুক্ত দেশগুলোর তালিকায় এবার যুক্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নাম। আরো কয়েকটি দেশ নিজেদের করোমুক্ত হিসেবে ঘোষণা করেছে।

স্থানীয় জাম্ভি টিভিতে সম্প্রচারিত ভাষণে ম্যাগফুলি বলেন, 'সৃষ্টিকর্তাকে সব সময়ে সব কিছুর ওপরে রাখে, এমন একটি দেশের নেতা হতে পেরে আমি গর্বিত। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন। শয়তানের সব কূটচাল তানজানিয়ায় বিফল হবে, কারণ তানজানিয়ার সঙ্গে সৃষ্টিকর্তা রয়েছেন। এ কারণে করোনাও এখানে পরাজিত হয়েছে।'

অবশ্য করোনামুক্তির ক্ষেত্রে তানজানিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া দেশটি করোনা পরিস্থিতি নিয়ে হু’কে তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির প্রকৃত করোনা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত ২৯ এপ্রিল বিশ্বস্বাস্থ্য সংস্থাকে পাঠানো তানজানিয়ার সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মোট ৫০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছিল ২১ জনের। তবে গত সপ্তাহে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট জানান, বর্তমানে তানজানিয়ায় মাত্র ৪ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×