ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, নিহত ১

কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, নিহত ১
×

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:৪৪ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০০:৫৫

কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় জওয়ান নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন তিন জন। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, শনিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ করেই ওই সেক্টরে ভারতের সেনাবাহিনীর ওপর গুলি করতে শুরু করে এবং মর্টার হামলা চালায়। ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানায়, গোলাগুলিতে তাদের চার সদস্য আহত হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক জওয়ান মারা যান। 

চলতি মাসে এর আগেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও রাজৌর জেলার সীমান্ত চৌকিতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। ৪ জুন রাজৌর জেলার সুন্দরবানি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক হাবিলদার নিহত হন। ১০ জুন একই সেক্টরে নিহত হন ভরতীয় সেনাবাহিনীর নায়েক গুরুচরণ সিং।

করোনাভাইরাসের মাহামিরর মধ্যেও কাশ্মীর সীমান্তের পীরপিঞ্জল পাহাড় অঞ্চলে যুদ্ধংদেহী অবস্থায় রয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। গত শুক্রবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বরমুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তানি গোলায় এক নারী নিহত হন। আহত হন আরও দু’জন।

আরও পড়ুন

×