চীনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৮, আহত ১৮৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:৫০ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০১:৩৮
চীনে তেলের ট্যাংকার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৮৯ জন।
শনিবার পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েললিং শহরের কাছে একটি হাইওয়েতে তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর এনডিটিভির
সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সরকার জানায়, বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে। হাইওয়ের পাশে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি কারখানা ছিল। বিস্ফোরণের তীব্রতায় সেগুলোও গুঁড়িয়ে যায়। চারদিকে ঢেকে যায় কালো ধোঁয়ায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকার বিস্ফোরণের পর আগুনের এক একটা বিশালাকার গোলা বিকট শব্দে ওপরে উঠতে থাকে। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। লোকজন প্রাণভয়ে পালাতে থাকে।
আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর একটা বড় টুকরো উড়ে গিয়ে আশপাশের বাড়ির সামনে মুখ থুবড়ে পড়ছে। বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকা একাধিক ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ট্যাংকার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন ১৮৯ জন।
বিস্ফোরণে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।
- বিষয় :
- চীনে আগুন
- তেলের ট্যাংকার বিস্ফোরণ