ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কৃষ্ণাঙ্গ রেশার্ডের মৃত্যু হত্যাকাণ্ড: ময়নাতদন্ত প্রতিবেদন

কৃষ্ণাঙ্গ রেশার্ডের মৃত্যু হত্যাকাণ্ড: ময়নাতদন্ত প্রতিবেদন
×

আটলান্টায় রেশার্ডকে যে রেঁস্তোরর সামনে গুলি করে হত্যা করা হয় সেখানে তার ছবি টানিয়ে একটি অস্থায়ী সৌধ তৈরি করা হয়েছে। ছবি : দ্য নিউইয়র্ক টাইমস।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০০:৩৬ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০০:৫৮

যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ রেশার্ড ব্রুকসকে পেছন থেকে গুলি করেছিলেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। গুলির আঘাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে একে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দ্য ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনারসের কার্যালয় থেকে রেশার্ডের ময়নাতদন্তের প্রতিদেবন নিয়ে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, ‘পুলিশ পেছন থেকে রেশার্ডকে দু’টি গুলি করে। এর ফলে ক্ষত তৈরি হয় এবং প্রচুর রক্তপাতের কারণেই রেশার্ডের মৃত্যু হয়। এটি একটি হত্যাকাণ্ড।’

স্থানীয় সময় সোমবার সকালে সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে রেশার্ডের স্ত্রী টমিকা মিলার জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। কেন জড়িত পুলিশ কর্মকর্তাদের এখনও জেলে ঢোকানো হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি। টমিকা বলেন, ‘যদি আমার স্বামী এ কাজ করতেন তাহলে তো তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢোকানো হতো।’

আটলান্টা পুলিশের মুখপাত্র সার্জেন্ট জন চাফি বলেছেন, ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যের একজনকে বরখাস্ত করা হয়েছে। অপরজনকে মাঠের দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। রেশার্ডকে যে পুলিশ কর্মকর্তা গুলি করে হত্যা করেছেন তার নাম গ্যারেট রোল্ফ। অপর পুলিশ সদস্যের নাম ডেভিন ব্রসম্যান। ইতোমধ্যে রেশার্ড হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন।

স্থানীয় সময় শুক্রবার রাতে একটি রেস্তোরাঁর সামনে ২৭ বছর বয়সী রেশার্ডকে হত্যা করে পুলিশ। এরপরই শহরজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আগুন দেওয়া হয় ওই রেস্তোরাঁয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস শহরের শ্বেতাঙ্গ পুলিশ প্রধান এরিকা শিলডসের পদত্যাগের খবর দেন।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ওয়েন্ডি নামের একটি রেস্তোরাঁর সামনে গাড়ির লাইনে অপেক্ষা করার সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন রেশার্ড। অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। তবে মাদক পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হলে তাকে হেফাজতে নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত একজনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর সামনে দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তির পর দৌঁড় দিচ্ছেন রেশার্ড। এ সময় তিনি সম্ভবত পুলিশের একটি টেজার গান (বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র) ছিনিয়ে নেন। 

রেস্তোরাঁর সিসি ক্যামেরায় দেখা গেছে, দৌঁড়ানো অবস্থায় রেশার্ড সম্ভবত এক পুলিশ সদস্যের দিকে টেজার গান তাক করেন। ঠিক ওই সময় দুই পুলিশ সদস্যের একজন রেশার্ডকে গুলি করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর রেশার্ড মারা যান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রেশার্ড হত্যার প্রতিবাদে রোববারও আটলান্টায় বিক্ষোভ হয়েছে। ইন্টারস্টেট ৮৫/৭৫ মহাসড়ক আটকে রাখে বিক্ষোভকারীরা। এর আগে ওয়েন্ডি নামের যে রেস্তোরাঁর সামনে রেশার্ডকে পুলিশ গুলি করে হত্যা করে তার সামনে জড়ো হন তারা। আগের দিন ওই রেস্তোরাঁ পুড়িয়ে দেওয়া হয়। দু’দিনের বিক্ষোভ থেকে আটলান্টায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

রোববার নিউইয়র্কের ব্রুকলিন জাদুঘরের সামনে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' (কালোদের জীবনও মূল্যবান) আন্দোলনের বড় বিক্ষোভ হয়েছে। এতে যোগদানকারীদের বড় অংশ ছিলেন তৃতীয় লিঙ্গের কৃষ্ণাঙ্গরা। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে পুলিশি নিপীড়ন ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে।

গত ২৫ মে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ পুলিশের হেফাজতে নিহত হন। সেই ভিডিও প্রকাশ পেলে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। দাবি ওঠে পুলিশের বরাদ্দ কমানোর। পুলিশ বাহিনী বিলোপেরও দাবি ওঠে। এরই মধ্যে গত শুক্রবার পুলিশের গুলিতে নিহত হন আরেক কৃষ্ণাঙ্গ রেশার্ড।

আরও পড়ুন

×