ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ২ কর্মকর্তা ‘নিখোঁজ’

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ২ কর্মকর্তা ‘নিখোঁজ’
×

ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন ভবন। ছবি : ইন্টারনেট।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০১:৩২ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০১:৩৫

পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তার ‘সন্ধান মিলছে না’। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এই দু’জন সোমবার সকাল ৮টা থেকে ‘নিখোঁজ’।

এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের কোনো প্রতিক্রিয়ার উল্লেখ করা হয়নি এনডিটিভির প্রতিবেদনে।

কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ভারত। পরে তাদের দু’জনকেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তারা দু’জনই নয়াদিল্লিতে ভিসা সেকশনে কাজ করতেন।

নয়াদিল্লি থেকে পাকিস্তানের দুই কর্মকর্তাকে বহিষ্কারের কয়েক সপ্তাহের মধ্যেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তার ‘নিখোঁজ’ হওয়ার খবর পাওয়া গেল।

পাকিস্তানে নিযুক্ত কয়েকজন শীর্ষ কূটনীতিক সম্প্রতি ইসলামাবাদের বিরুদ্ধে কড়া নজরদারির অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে ইসলামাবাদের কাছে প্রতিবাদও জানিয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়ার চলাচলের ওপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নজরদারির অভিযোগ ওঠে।

গত মার্চে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন। চিঠিতে বলা হয়, শুধু মার্চেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর ১৩টি নজরদারির ঘটনা ঘটেছে। দ্রুত এই অবস্থার অবসান ঘটাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানায় নয়াদিল্লি।

আরও পড়ুন

×