ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বেইজিং নিয়ে চিন্তায় চীন

বেইজিং নিয়ে চিন্তায় চীন
×

চীনে দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০২:২৮ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৩:২৭

কভিড-১৯ বা নতুন করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণের ভয় জেঁকে বসেছে চীনে। দেশটির রাজধানী বেইজিংয়ে নতুন করে সংক্রমণ রোধে রীতিমতো তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বেইজিংয়ের দু’টি বড় পাইকারি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। বাজারের আশপাশের কয়েকটি অঞ্চল লকডাউন করা হয়েছে। এসব অঞ্চলের সব মানুষকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

গত ডিসেম্বরে চীনে প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। তবে ফেব্রুয়ারির মধ্যেই মহামারি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় চীন। কিন্তু গত সপ্তাহ থেকে রাজধানী বেইজিংয়ে নতুন করে সংক্রমণ শুরু হলে বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায় চীন। 

সোমবার চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানী বেইজিংয়েই ৩৬ জনের বেশি শনাক্ত হয়েছেন।

বেইজিংয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে জিনফাদি নামে একটি বাজারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বাজারটি লকডাউন করা হয়েছে। সেখান থেকে দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লি জুনজি বেইজিং শহর কর্তৃপক্ষের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইডিয়ান জেলার ইউকুয়ানডং পাইকারি বাজারের সঙ্গেও করোনাভাইরাস সংক্রমণের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাজারটির পাশপাশি ওই অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় লকডাউন করা হয়েছে।

বেইজিংয়ে সন্দেহভাজন এলাকাগুলোতে সোমবার থেকে ব্যাপকহারে পরীক্ষা শুরু হয়েছে। জিনফাদি বাজারের আশপাশে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষকে পরীক্ষা করা হবে। এ ছাড়া এই বাজারের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের সন্ধানে নেমেছে শহরটির কর্তৃপক্ষ।

চীনের বিভিন্ন শহর থেকে বেইজিং ভ্রমণে ইতোমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন

×