কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০১:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৪:৩৪
ইউরোপীয় পার্লামেন্টের বাছাই করা সদস্যদের কাশ্মীর সফরের দিনে পাঁচ বাঙালি শ্রমিককে গুলিতে হত্যা করার অভিযোগ উঠেছে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে ভারতের কাম্মীরে। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহালনগর গ্রামের প্রায় ১৫ জন শ্রমিকের একটি দল কুলগামের কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন। আপেল বাগানে কাজ করতে প্রতি বছরই কাশ্মীরে যেতেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজনকে ঘর থেকে বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে পাঁচজন নিহত ও একজন আহত হয়।
নিহতেরা হলেন- রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিম শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮), রফিকুল শেখ (৩০)। আহত জ়হিরুদ্দিনকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, কড়া পাহারা সত্ত্বেও পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে। নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে, সাধারণ মানুষকেও রেহাই দিচ্ছে না তারা।
সেনা কর্মকর্তারা জানান, গত এক বছরে কাশ্মীরে সেনা ঘাঁটির নিরাপত্তা কয়েক গুণ বেড়েছে। ফলে সেখানে হামলা চালানোর পরিবর্তে সাধারণ মানুষকে বেছে নিচ্ছেন জঙ্গিরা। সেখানকার অর্থনীতিকেও নিশানা করছে তারা।’
এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘কাশ্মীরে বর্বরোচিত হত্যার ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। পরিবারের লোকজনের দুঃখ ভাষায় প্রকাশ করা যাবে না। এই মর্মান্তিক পরিস্থিতিতে নিহতদের পরিবারকে সব রকম সাহায্য করা হবে।’