যৌন অপরাধে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বিটকয়েন কেলেঙ্কারির আসামি
রাস অ্যালবার্ট মেডলিনকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০০:০৫
ইন্দোনেশিয়ায় শিশু যৌননিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে। রাস অ্যালবার্ট মেডলিন নামের ওই ব্যক্তিকে বিটকয়েন কেলেঙ্কারিতে 'ওয়ান্টেড’ হিসেবে খুঁজছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এফবিআইয়ের নজর এড়িয়ে গত বছর ইন্দোনেশিয়ায় চলে এসেছিল সে। মঙ্গলবার ইন্দোনেশীয় পুলিশ জানায়, যৌন অপরাধে জড়িত সন্দেহে শিশু সুরক্ষা আইনে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুক্তরাষ্ট্রের বিটকয়েন কেলেঙ্কারিতে এফবিআইয়ের তালিকায় 'ওয়ান্টেড' রাস অ্যালবার্ট মেডলিন নামের ওই যুবক।
তিন নাবালিকাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একজন সন্দেহভাজন হিসেবে সোমবার জাকার্তার এক বাড়ি থেকে রাস অ্যালবার্ট মেডলিনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ওই তিন নাবালিকাকে সে প্রস্তাব দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছর জেল হতে পারে। মেডিলিনের সঙ্গে কথা বলতে পারেনি সংবাদ সংস্থা।
ইন্দোনেশিয়া পুলিশের এক পদস্থ কর্তা জানান, মেডলিনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এফবিআই। কারণ তাদের ওয়ান্টেড তালিকায় মেডলিনের নাম রয়েছে।
৭২২ মিলিয়ন ডলার বিটকয়েন বিনিয়োগ কেলেঙ্কারির সঙ্গে জড়িত মেডলিন গত বছর পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন।