ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি
×

জুয়ান অরলান্ডো হার্নান্দেজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:৫৬

হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরলান্ডো হার্নান্দেজ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর রাজধানী তেগুসিগালপার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রেসিডেন্টের স্ত্রী আনা গার্সিয়ারও করোনা পজেটিভ। তবে তার মধ্যে কোন উপসর্গ দেখা যায়নি। বুধবার দেশটির সরকারি সূত্রে এ কথা জানা গেছে। খবর সিএনএনের।

সরকারের মুখপাত্র ফ্রান্সিস কন্টারাস রাজধানীর সামরিক হাসপাতালে প্রেসিডেন্টের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, টেস্টে তার নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে। তার ফুসফুসে সামান্য সংক্রমণ হয়েছে, তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন, তিনি অস্বস্তি অনুভব করছেন, পরে টেস্টে তার করোনা পজিটিভ জানা যায়। মুখপাত্র ফ্রান্সিস বলেন, প্রেসিডেন্টের করোনা উপসর্গ সামান্য এবং তিনি হাসপাতাল থেকে টেলিফোনের মাধ্যমে কাজ করবেন।

মার্চের মাঝামাঝিতে হন্ডুরাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এর বিস্তার রোধে সামনে থেকেই নানা পরিকল্পনা নেন হার্নান্দেস। সামাজিক আইসোলেশন, মাস্কের ব্যবহার ও হাত ধোয়া উদ্বুদ্ধকরণে নানামুখী পদক্ষেপ নেয় তার সরকার। এছাড়া সংক্রমণের বিস্তার রোধে প্রথম থেকেই দেশজুড়ে কারফিউ জারি করা হয়। কারফিউয়ের সময় জনসাধারণকে ঘরে থাকতে বাধ্য করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

নানামুখী পদক্ষেপের ফলে লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনো ১০ হাজার পার হয়নি। মৃত্যুর সংখ্যা মাত্র ৩৩২।

আরও পড়ুন

×