বাগদাদির হত্যার প্রতিশোধ নেবে আইএস
আবু বকর আল-বাগদাদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০২:৫৮
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাগদাদি হত্যার প্রতিশোধ নেবে বলে তারা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে বাগদাদির মৃত্যু ঘোষণা করেন। তবে আইএস এ পর্যন্ত তার মৃত্যু নিয়ে কোনো কথা বলেনি।
বৃহস্পতিবার আইএস এর বার্তা সংস্থা আমাক এক অডিও টেপে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোকবার্তা দিয়েছে। খবর রয়টার্সের।
আইএসের মুখপাত্র আবু হামজা আল কুরেইশি এ শোকবার্তা পড়ে শোনান।
অডিও টেপে দলের নতুন নেতা হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম জানান তিনি।
যুক্তরাজ্যের ওয়েলসে একটি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, নামটি অপরিচিত। তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল।
আইএস’র আগের মুখপাত্র আবু হাসান আল-মুহাজিরও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি।
ধর্মত্যাগীদের বিরুদ্ধে প্রতিশোধের জন্য হুমকি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু সংগঠন মরেনি।
- বিষয় :
- আইএস
- বাগদাদি
- যুক্তরাষ্ট্র
- হত্যার প্রতিশোধ