অবিরাম ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, জাপানে মৃত বেড়ে ৫০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:০৪
অবিরাম ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জাপান। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অনেক। সোমবার বিকেল পর্যন্ত দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে আড়াই লাখের বেশি মানুষকে। কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এসব তথ্য। খবর ব্যাংকক পোস্টের।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত কুমামোটো অঞ্চলে ৪৯ জন মারা গেছেন। এছাড়া অন্য ফুকুওকাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত অন্তত এক ডজন লোক নিখোঁজ।
দেশটির স্থানীয় সরকারের তথ্যানুসারে, মৃত ৫০ জনের মধ্যে ১৪ জন কুমা নদীর কাছের একটি নার্সিংহোমের। নার্সিংহোমটি ভয়াবহ বন্যায় প্লাবিত হয়।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) ফুকুওকা, নাগাসাকি ও সাগা এলাকা এবং কিউশু অঞ্চলের কয়েকটি অংশে ভারি বৃষ্টিপাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এবং জনগণকে তাদের নিরাপত্তার লক্ষ্যে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। ওইসব এলাকার বাসিন্দাদের মঙ্গলবার সকাল থেকে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ব্যাপারে উচ্চ মাত্রায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার বিকেল পর্যন্ত কুমামোটো, মিয়াজাকি এবং কাগোশিমা অঞ্চল থেকে ১ লাখ ১৭ হাজার পরিবারের ২ লাখ ৫৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জনগণের জীবন বাঁচাতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি কর্মকর্তাদের প্রতি যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। দেশজুড়ে সকল মানুষকে সজাগ থাকার এবং স্থানীয় সরকারসমূহের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেয়ার জন্যও পরামর্শ দেন তিনি।
এছাড়া বন্যাকবলিতদের উদ্ধারে দেশটিতে ১০ হাজারের বেশি পুলিশ, সেনা ও উদ্ধার কর্মী মোতায়েন করা হয়েছে।
জাপানে এখন বর্ষার মাঝামাঝি সময়। এসময়টায় দেশটিতে ভারী বৃষ্টিপাত ও বন্যা হয়ে থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে সাম্প্রতিক কালে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালেও দেশটিতে অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে ২০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
- বিষয় :
- জাপান
- বন্যা ও ভূমিধস
- অবিরাম ভারী বৃষ্টি