মেলবোর্নে কঠোর লকডাউন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৫৮
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। শহরের ৫০ লাখের বেশি বাসিন্দাকে ঘরে থাকতে বলা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী শহরটিসহ পুরো রাজ্যেই মঙ্গলবার মধ্যরাত থেকে দেড় মাসের লকডাউন শুরু হচ্ছে। খবর বিবিসি ও সিএনএনের।
করোনা মহামারি বিশ্বের অনেক দেশকে বিপর্যস্ত করে তুললেও অস্ট্রেলিয়ায় প্রকোপ অনেকটাই কম। এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। এরমধ্যে মেলবোর্নে সংক্রমণের সংখ্যা পুরো অস্ট্রেলিয়ার ৯৫ শতাংশ। সোমবার একদিনেই মেলবোর্নে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। করোনাভাইরাস মহামারি শুরুর পর এই রাজ্যে একদিনে এত রোগী কখনই শনাক্ত হয়নি। ভিক্টোরিয়া প্রদেশে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২২ জন।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল অ্যান্ড্রুস বলেন, করোনার বিদায় আমরা ঘটাতে পারিনি। আজ মধ্য রাত থেকে লকডাউন শুরু হবে। ছয় সপ্তাহের জন্য বাসিন্দাদের ঘরে থাকতে হবে। এরইমধ্যে শহরের অনেকগুলো বহুতল আবাসিক ভবন পুরোপুরি লকডাউন করা হয়েছে।
তিনি বলেন, কেবল স্বাস্থ্যসেবা ও জরুরি খাদ্য সামগ্রীর প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। হাজার হাজার মানুষের সংক্রমণ এড়াতে এছাড়া আর কোনো উপায় নেই।
সংক্রমণ বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দুই রাজ্য ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত একশ বছরের মধ্যে এই দুই রাজ্যের মধ্যে এই প্রথম সীমান্ত বন্ধ হচ্ছে।
করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা সীমান্তে মোতায়েন থাকবে। রাজ্য সীমান্ত বন্ধ হলেও বিশেষ অনুমতি প্রাপ্তরা এ দুই রাজ্যের মধ্যে যাতায়াত করতে পারবেন।
- বিষয় :
- লকডাউন
- করোনার সংক্রমণ
- করোনাভাইরাস