আগামী নির্বাচনে ডেমোক্র্যাট সুনামি!
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ২২:০১ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ২২:০৪
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার সমর্থকরা ‘ম্যাগা’র ওপর খুব ভরসা করে আছেন। তাদের ধারণা, যে ‘ম্যাগা’ পাখায় ভর করে ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের আসন অলঙ্কৃত করেছিলেন রিপাবলিকান প্রার্থী ধনকুবের রিয়াল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, সে ম্যাগা অর্থাৎ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’এর জোরে ২০২০ এর নভেম্বরেও বৈতরণী পার হয়ে যাবেন তিনি। সে উদ্দেশ্যে নিজের অনুকূল রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে প্রতিকূল রাজ্যগুলোতেও কাজ করে যাচ্ছেন করোনা সংক্রমণের মধ্যেও। তবে ২০১৬-এর বাস্তবতা এবার নয়। এবার বাস্তবতা ভিন্ন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন তার সামনে এখন ২০১৬ এর প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়েও বেশি সমর্থন নিয়ে আবির্ভূত হয়েছেন। যেসব রাজ্যে ট্রাম্পের জয় পাওয়া অনিবার্য শর্ত, সেগুলোতে বাইডেন অনেক বেশি এগিয়ে তার চেয়ে। নতুন একটি জরিপে উঠে এসেছে এমন তথ্য।
কুক পলিটিক্যাল রিপোর্টে বলা হয়েছে, ওইসব রাজ্যে বাইডেনের সামনে টিকতে পারছেন না ট্রাম্প। দিনে দিনে ব্যবধান বাড়ছে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে। আগামীর যুক্তরাষ্ট্র শাসনের ভার ট্রাম্পের চেয়ে বাইডেনের হাতে দেখতেই বেশি আগ্রহ দেখাচ্ছে রাজ্যগুলো। কুক-এর অ্যামি ওয়াল্টারের প্রতিবেদনে দেখা যায়, এই নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে শুধু ঢেউই নয়, রীতিমতো সুনামির লক্ষণ দেখা যাচ্ছে। পেনসিলভানিয়া (৮ পয়েন্ট), মিসিগান (৯ পয়েন্ট), উইসকনসিন (৯ পয়েন্ট) প্রভৃতি রাজ্যে তো বটেই, এমনকী নিজের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনাতেও পিছিয়ে আছেন তিনি। গতমাসেও বাইডেন ‘সুয়িং স্টেট ’গুলোতে যে অবস্থানে ছিলেন জুলাইতে এসে তার চেয়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। এই বাস্তবতা প্রভাব ফেলবে ইলেকটোরাল কলেজ ভোটিংয়েও।
নির্বাচনের আর চার মাসেরও কম সময় বাকি। এই সময়ে এসে আমেরিকার রাজনৈতিক ম্যাপ দ্রুত বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো বলছে, অধিকাংশ ভোটারের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছেন ট্রাম্প। এ কারণে নির্বাচনে তিনি হারবেন। ট্রাম্পের সমর্থকদের মধ্যেও এখন অনেকটা উদ্বেগের চিহ্ন পরিষ্কার হয়ে উঠেছে। অনেকেই ধারণা করছেন, আসছে নির্বাচনে ট্রাম্প শুধু হারবেন না, নিজের দলকেও হারাবেন, যেখান থেকে রিপাবলিকান দলের উঠে আসা সমস্যা হয়ে দাঁড়াবে।
সিএনএন তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের সামনের নির্বাচনে ডেমোক্র্যাটদের নীল ঢেউ নয়, রীতিমতো ডেমোক্রেটিক সুনামি বয়ে যাবে। রাজনৈতিক ভাষ্যকার অ্যামি ওয়াল্টার ৮ জুলাই তার প্রতিবেদনে লিখেছেন, রিপাবলিকান কৌশলবিদেরা মনে করেছেন, ট্রাম্প অধিকাংশ ভোটারের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছেন এর মধ্যেই।
কিছুদিন আগেও সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে কিছু অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জনমত কাছাকাছি ছিল। সেগুলোতেও দ্রুত পরিবর্তন ঘটেছে। উইসকনসিন, পেলসিলভানিয়ার জনমত এখন ডেমোক্র্যাটদের পক্ষে ঝুঁকে আছে। জর্জিয়াকে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সমর্থকদের রাজ্য মনে করা হলেও সর্বশেষ জরিপে জো বাইডেনের সঙ্গে জর্জিয়ায় ট্রাম্পের অবস্থান সমান সমানে চলে এসেছে। মেইন ও নেব্রাস্কার কিছু এলাকার হিসাব করে ‘কুকস পলিটিক্যাল’ তাদের প্রতিবেদনে বলেছে, জো বাইডেনের পক্ষে এখনই ২৭৯টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়ে আছে। সংখ্যাটি নির্বাচনে জয়ের জন্য ৯ ভোট বেশি।
আগামী নির্বাচনে ট্রাম্পের দুর্বল অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে ওয়াল স্ট্রিট জার্নালের কাছেও। ওয়াল স্ট্রিটের বাজির ঘোড়া এখন ট্রাম্প নন, ডেমোক্র্যাটপ্রার্থী বাইডেনই। অথচ কয়েক মাস আগেও ঘোড়া নির্বাচনে ইতস্তত ভাব দেখা গিয়েছিল তাদের মধ্যে।