করোনা উপেক্ষা করে সিঙ্গাপুরে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ
সিঙ্গাপুরে চলছে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০০:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০১:০৩
মহামারি করোনাভাইরাস উপেক্ষা করেই সিঙ্গাপুরে চলছে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। ভোটাররা কেন্দ্রে এসে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের পর প্লাস্টিকের গ্লাভস এবং মুখে মাস্ক পরে ভোট দিচ্ছেন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী লি হসেইন লুংয়ের ক্ষমতাসীন পার্টি পিএপি ক্ষমতায় বহাল থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের। খবর বিবিসি ও সিনহুয়ার।
করোনা মহামারিতে সিঙ্গাপুরে মৃত্যু হার কম হলেও ৪৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তবে এক মাসেরও বেশি সময় কঠোর লকডাউনে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়েছে। আর তাই জুনের শেষ থেকে সব কিছু ধীরে ধীরে শিথিল করে আনা হয়েছে। এরইমধ্যে জাতীয় নির্বাচনের ভোট নিচ্ছে দেশটির নির্বাচন কমিশন।
দেশের সাড়ে ২৬ লাখ ভোটার এ নির্বাচনে ভোট দিচ্ছেন। করোনার কারণে বৃদ্ধ ভোটারদের সকাল থেকে দুপুর ১২টার মধ্যে এবং অপেক্ষাকৃত তরুণদের বিকেলে ভোট দিতে বলা হয়েছে। তবে যারা করোনা আক্রান্ত তাদের ভোট দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিদেশে থাকা ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য দেশের বাইরে ১০টি বুধ স্থাপনা করা হয়েছে। এরমধ্যে বেইজিং, শাংহাই, নিউইয়র্ক, লন্ডন, হংকং, দুবাই, টোকিও উল্লেখযোগ্য।
পার্লামেন্টের ৯৩ আসনের বিপরীতে এ নির্বাচনে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) ছাড়াও আরও ১১টি রাজনৈতিক দলের ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারও ক্ষমতাসীন পিএপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। এতে বর্তমান প্রধানমন্ত্রী লি হসেইন লুং আবারও বহাল হবেন। সিঙ্গাপুরের স্বাধীনতার পর থেকে পিএপি দেশটি শাসন করে আসছে। দেশটির প্রতিষ্ঠাতা ও দীর্ঘকালীন শাসক লি কুয়ান ইউয়ের ছেলে লি ২০০৪ সাল থেকে পদে রয়েছেন।
এখন পর্যন্ত মহামারির মধ্যেই ভোটগ্রহণের জন্য মুষ্টিমেয় দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর একটি। করোনার মধ্যেই গত জুনে সার্বিয়া ও এপ্রিলে দক্ষিণ কোরিয়া ভোট নিয়েছে।