ভারতে যৌতুকের থাবা
এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু, শীর্ষে উত্তরপ্রদেশ
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০৫:১১
ভারতে যৌতুক প্রথা একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা। এর ভয়াল থাবায় প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন অসংখ্য নারী, প্রাণও যাচ্ছে অনেকের। আধুনিক উন্নত সমাজ ব্যবস্থার পথে অন্যতম অন্তরায় বলে ভাবা হয় এই প্রথাকে।
ভারতের জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে, সেই দেশে এক বছরে যৌতুকের বলি হয়ে প্রাণ হারিয়েছেন ছয় হাজার ৪৫০ নারী। যেখানে দেখা যাচ্ছে, এ তালিকায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্যের ভিত্তিতে মহিলা কমিশন এ রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে সারাদেশে যৌতুক প্রথার বলি হয়ে মৃত্যু হয়েছে ছয় হাজার ৪৫০ নারীর। ২০১৪ সালে এই সংখ্যা ছিল আট হাজার ৫০০, যা ২০২২ সালে কিছুটা কমেছে বলে দাবি কমিশনের। ২০২৩, ২০২৪ সালে দেশের অপরাধসংক্রান্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে দাবি এই সংস্থার। মহিলা কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালে যৌতুকের জেরে নির্যাতনের শিকার হয়েছেন চার হাজার ৭৯৭ নারী। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হলেও প্রশাসনিক ক্ষেত্রে এ বিষয়ে গা-ছাড়া মানসিকতাও সামনে এসেছে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে।
