ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া
×

মালয়েশিয়ায় যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৬:২৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ২০:২৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলার বিষয়টি মালয়েশিয়ার অগ্রাধিকারে আছে। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চাপের মুখে থাকায় বাংলাদেশকে সহযোগিতার ব্যাপারেও তাঁর দেশ অগ্রাধিকার দিচ্ছে।

দেশটির বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে দ্য স্টার (মালয়েশিয়া) জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের বক্তব্যের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী দেশগুলোর সমন্বয়ে একটি মিশন পাঠাবে মালয়েশিয়া।

বারনামার প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে একটি দল গঠন করবেন। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সমাধানের জন্য এই দলের সদস্যরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে সফর করবেন।  

আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, ‘মিয়ানমারের সংকট সমাধানের প্রচেষ্টা আঞ্চলিক সহযোগিতায় অগ্রাধিকারে রাখতে হবে।’ রোহিঙ্গা সংকট নিয়ে নিউ ইয়র্ক, কাতার ও মালয়েশিয়ায় বহুপাক্ষিক ফোরামের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।

স্টেইটস টাইমস বলছে, মালয়েশিয়া ও কিছু আঞ্চলিক অংশীদার মিয়ানমারে যৌথ প্রতিনিধি দল পাঠাবে। যেটির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা জোরদারে কাজ করা হবে। 

গত সপ্তাহে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেছিলেন, তিনি আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ান প্রতিনিধিদল নিয়ে মিয়ানমার সফরে যাবেন। থাইল্যান্ড, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দল মিয়ানমারের নতুন প্রশাসনের আওতায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর দেশ বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন। প্রবাসী শ্রমিকরা কাজের নিরাপত্তার পাশাপাশি যাতে পরিবারের কাছে যেতে পারে সে জন্য ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসার কাজও শুরু হয়েছে। 

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের সহায়তাকেও অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি পেট্রোনাসের মাধ্যমে জ্বালানি খাতে, আজিয়াটা গ্রুপের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুন

×