প্রিয়াঙ্কাদের টি-শার্টের কে এই মিনতা দেবী
সম্প্রতি মিনতা দেবীর ছবি সংবলিত টি-শার্ট পরে বিক্ষোভ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ছবি: পিটিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১৬:৫৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১৯:০৫
সাদা রঙের টি-শার্টের সামনের অংশে এক নারীর ছবি। নিচে ইংরেজিতে বড় অক্ষরে লেখা ‘মিনতা দেবী’। একই টি-শার্টে পিঠের অংশে লেখা ‘১২৪ নট আউট’।
ভারতের বিহারে ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগের (এসআইআর) প্রতিবাদ জানাতে এমন টি-শার্ট পরেন প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতা-কর্মীরা।
সম্প্রতি দেশটির সংসদ ভবন কমপ্লেক্সের সামনে ওই প্রতিবাদ সমাবেশ হয়। ‘মিনতা দেবী-১২৪ নট আউট’ লিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও দেন অনেকে, যা অল্প সময়ের মধ্যেই ট্রেন্ড-এ পরিণত হয়।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিহারের বাসিন্দা মিনতা দেবীর দাবি তাঁর বয়স ৩৫ বছর। কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের সময় তাঁকে দাদীর বয়সী বানিয়েছে। বয়স উল্লেখ করেছে ১২৪ বছর।
গত লোকসভা নির্বাচনে বিজেপি ও নির্বাচন কমিশন অনিয়ম করেছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মাঝেই বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় বহু ভোটারকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে বেশ উত্তপ্ত ভারতের রাজনীতি। কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তালিকা সংশোধন স্থগিতের দাবি উঠেছে।
তালিকা সংশোধনীর অনিয়ম নিয়ে কংগ্রেস নেতারা বলছেন, মিনতা দেবীর মতো এমন অনেক উদাহরণ আছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তালিকার অনেক ভোটারের ঠিকানা ও আত্মীয়ের নামই ভুয়া।’ তবে নির্বাচন সংক্রান্ত এক কর্মকর্তা মিনতা দেবীর বয়স প্রসঙ্গে এনডিটিভিকে বলেন, আবেদনে বয়স ভুলভাবে পূরণ করায় এমনটা হয়েছে।
- বিষয় :
- ভোটার তালিকা
- ভারত
- কংগ্রেস
- প্রিয়াঙ্কা গান্ধি
