ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত বাস্কেটবল তারকা

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত বাস্কেটবল তারকা
×

ফিলিস্তিন জাতীয় দলের সাবেক তারকা বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মেদ শালান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২৩:৩৭

গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক তারকা বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মেদ শালান। বৃহস্পতিবার গাজার খান ইউনিসের কাছে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে অসুস্থ মেয়ে মরিয়ম ও তাঁর পরিবারের অন্য সদস্যদের জন্য খাবার ও ওষুধ আনতে গিয়ে প্রাণ হারান শালান (৪০)।

স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, মরিয়ম রক্তে বিষক্রিয়ায় ভুগছিলেন। তাঁর কিডনিতে সমস্যা আছে। মারা যাওয়ার আগ পর্যন্ত শালান বারবার মেয়ের সুচিকিৎসার জন্য সহায়তা চেয়ে গেছেন। এ নিয়ে গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের তিন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এর আগে রাফা ইউথ ক্লাবের কর্মকর্তা সালেম আল-শায়ের (২৬) ও আল-সালাহ স্পোর্টস ক্লাবের সাবেক তারকা আহমেদ আল-জাওরানিও (৪০) নিহত হন।

ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ শালান। তাঁকে ‘আল-জিলজাল’ নামে ডাকা হতো। আরবিতে ওই শব্দের অর্থ ‘ভূমিকম্প’। ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি তিনি খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি ও খাদামাত খান ইউনিসসহ বেশ কয়েকটি স্থানীয় দলের পক্ষে খেলেছেন।

ফিলিস্তিনের ক্রীড়া কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৬৭০ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে ‘ফিলিস্তিনের পেলে’ হিসেবে পরিচিত ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে স্থাপিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত হন। 

মে মাসের শেষের দিক থেকে অন্য সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়ে নেতানিয়াহুর সরকার গাজায় জিএইচএফের মাধ্যমে ত্রাণ বিতরণ প্রক্রিয়া চালু করে। মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফের কার্যক্রমকে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে তুলনা করেছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচি জিএইচএফের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। আলজাজিরা।

আরও পড়ুন

×