`পশুহত্যা’র প্রতিবাদে হাইকোর্টে মামলা করলেন বিজেপি সাংসদ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০১:০৫
মুসলমানদের কোরবানিতে ‘পশুহত্যা’ নিয়ে এবার হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এ বিষয়ে আগে যেসব মামলা হয়েছে, সেসব মামলায় পশুহত্যা নিয়ে দেওয়া আদালতের নির্দেশ সরকার পালন করছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে তার এই মামলায়। খবর এইসময়, টাইমস অব ইন্ডিয়ার।
কোরবানিতে ভারতে মুসলমানদের পশু জবাই নিয়ে মামলা এই প্রথম নয়। এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি দায়ের হয়েছিল ২০০৮ সালে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পশুহত্যার জন্য যে নিয়মাবলি চালু রয়েছে, কোরবানির ঈদের ক্ষেত্রেও তা মানতে হবে। কসাইখানায় পশুগুলোকে নিয়ে যাওয়ার আগে সেগুলোকে পরীক্ষা করে দেখতে হবে। এরপর ২০১৯ সালে ফের একটি মামলা দায়ের হাইকোর্টে অভিযোগ করা হয়, এই জাতীয় কোনও নিয়মই মানা হচ্ছে না। ফের সরকারকে নিয়ম মানার নির্দেশ দেয় হাইকোর্ট।
যদিও হাইকোর্টে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিকাঠামোগত সমস্যার কারণেই সব নিয়ম মানা সম্ভব হচ্ছে না। গোটা পরিকাঠামো তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। এবার আবার বিজেপি সাংসদ অর্জুন সিং মামলা দায়ের করে জানতে চাইলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক কী-কী ব্যবস্থা নিয়েছে সরকার? মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি।
- বিষয় :
- পশুহত্যা
- বিজেপি সাংসদ
- কোরবানি