চীনের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু ব্রাজিলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০১:৩৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০১:৪৯
করোনা প্রতিরোধে চীনের প্রস্তুতকৃত টিকাটি মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকার প্রথম ডোজ পেয়েছেন। বিশ্ব মহামারি ঠেকাতে টিকাটি দৃশ্যপট বদলে দেবে বলে আশা করছেন কর্মকর্তারা। খবর ব্যাংকক পোস্টের
চীনের বেসরকারি ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনোভাক বায়োটেক এ টিকাটি তৈরি করেছে। এই টিকা বিশ্বের তৃতীয় টিকা হিসেবে তৃতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল বা মানবদেহে প্রবেশের অনুমোদন পেয়েছে। চূড়ান্ত ধাপে টিকাটি ব্রাজিলের স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ করা হলো।
সাওপাওলোয়ার ক্লিনিকাল হাসপাতালে প্রথম ডোজ প্রাপ্ত ২৭ বছর বয়সী এক চিকিৎসক বলেছেন, আমরা অনন্য এবং ঐতিহাসিক একটা সময় পার করছি। এ কারণে আমি কাজের অংশ হতে চেয়েছি। গোপনীয়তার কারণ ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি।
পরীক্ষার অংশ হিসেবে আগামী তিন মাসে ব্রাজিলের ছয়টি রাজ্যের প্রায় ৯ হাজার স্বাস্থ্যকর্মী ‘করোনোভাক’ নামে পরিচিত ওই টিকাটি দুটি মাত্রায় গ্রহণ করবেন।
সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া বলেছেন, টিকার প্রয়োগের ফল আগামী ৯০ দিনের মধ্যে জানা যাবে।
ব্রাজিলিয়ান জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র, বুটানটান ইনস্টিটিউটের সাথে যৌথভাবে সিনোভাক ক্লিনিকাল ট্রায়ালের কাজ করছে।
কর্মকর্তারা বলছেন, টিকাটি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হলে, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১২ কোটি ডোজ টিকা উত্পাদন করার অনুমতি পাবে।
যুক্তরাষ্ট্রের পর করোনা মহামারিতে সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল।
সোমবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে করোনার বিস্তার খুব দ্রুত ঘটনায় টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য ব্রাজিলকে আদর্শ স্থান হিসেবে দেখা হচ্ছে।
এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল ফার্ম অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরেকটি পরীক্ষামূলক টিকার তিন ধাপের পরীক্ষা চালাতেও সহায়তা করেছে ব্রাজিল।
যদি ব্রাজিলে অক্সফোর্ডের টিকা কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয় তাহলে সিনোভেকের মতোই একই চুক্তিতে তারা টিকা উৎপাদন করতে পারবে।
ব্রাজিলের স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা সোমবার এক ঘোষণায় জানিয়েছেন, তারা মার্কিন সংস্থা ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের তৈরি আরও দুটি টিকার প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয় ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছেন।
সোমবার ব্রিটিশ মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’দুটি টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষায় নিরাপদ ও প্রতিরোধী ক্ষমতা তৈরির ফল প্রকাশ করে। একটি হচ্ছে অক্সফোর্ডের টিকা ও অন্যটি ক্যানসিনো বায়োলজিকস ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির তৈরি টিকা।
- বিষয় :
- ব্রাজিল
- চীন
- করোনার টিকা