ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে বায়ুদূষণ: ঘুরিয়ে দেওয়া হলো ৩২ ফ্লাইট

দিল্লিতে বায়ুদূষণ: ঘুরিয়ে দেওয়া হলো ৩২ ফ্লাইট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০২:০৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৬:৩৪

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দূষণের কারণে বিমানবন্দর থেকে ৩২টি ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার দিল্লিতে বায়ুদূষণের সূচক বা একিউআই মাত্রা ছিল ৪০৭। রোববার তা বেড়ে ৬২৫-এ পৌঁছে। 

দূষণের ফলে চারিদিক ভালোভাবে দেখা না যাওয়ায় ৩২টি ফ্লাইটকে দিল্লি থেকে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এর মধ্যে ১২টি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। খবর এনডিটিভির

দূষণ নিয়ন্ত্রণ সংস্থা আদালতকে কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে বর্জ্য জ্বালানি, শিল্প থেকে বিষাক্ত নির্গমন এবং নির্মাণ প্রকল্প থেকে ধুলাবালি বন্ধ করতে পদক্ষেপ নিতে নির্দেশনা জারি করার পরামর্শ দিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে বলেন, উত্তর ভারতজুড়ে দূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দিল্লি সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। দিল্লিবাসীও অনেক ত্যাগ স্বীকার করেছে। দিল্লির মানুষ তাদের কোনও দোষের জন্য এই ভোগান্তি পোহাচ্ছেন না। 

পাঞ্জাব বা হরিয়ানায় কৃষকরা খড় পোড়ানোর ফলে প্রতি শীতে দিল্লি এবং আশেপাশের অঞ্চলে এই সংকট দেখা দেয়, এমন অভিযোগ উঠলেও ওই দুই রাজ্যের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে ক্ষতিগ্রস্থ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা বলেছেন। তবে কেন্দ্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

দূষণ কমাতে দিল্লি সোমবার থেকে জোড়-বিজোড়-রোড রেশন স্কিম শুরু করছে, যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।এই নিয়ম অনুযায়ী, একদিন অন্তর একদিন রাজধানীর রাস্তায় চলবে জোড়-বিজোড় রেজিস্ট্রেশন প্লেটযুক্ত যানবাহনগুলি। এছাড়া মঙ্গলবার পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে সেখানে।

দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও দূষণের মাত্রা বেশি হওয়ায় উত্তরপ্রদেশের নয়ডায় দূষণের কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। 



আরও পড়ুন

×