ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:০৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:১৫

ইসলামাবাদ সন্ত্রাসী প্রত্যর্পণের প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে আফগান তালেবানের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি এমন দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও সীমান্ত নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভির। 

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের পক্ষ থেকে সাম্প্রতিক ইস্তাম্বুল আলোচনার বিষয়ে দেওয়া তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ দাবিকে পাকিস্তান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। পাকিস্তান দাবি করেছিল, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে বা গ্রেপ্তার করতে হবে, যারা পাকিস্তানের জন্য হুমকি সৃষ্টি করছে।

তখন আফগান পক্ষ বলেছিল, এই ব্যক্তিরা পাকিস্তানের নাগরিক। এ সময় পাকিস্তান তাৎক্ষণিকভাবে নির্ধারিত সীমান্ত ক্রসিং দিয়ে তাদের হস্তান্তরের প্রস্তাব দেয়। এর বিপরীত কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এর আগে আফগান গণমাধ্যমে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ইস্তাম্বুলে আলোচনার সময় আফগান পক্ষ ইসলামাবাদকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে– এমন লোকদের প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ না করে বলেছে, এই ব্যক্তিদের আফগানিস্তানের ভেতরেই নিয়ন্ত্রণে রাখতে হবে। 

এ দাবিকে মিথ্যা আখ্যায়িত করে নিজের এক্স অ্যাকাউন্টে বিবৃতি দেন খাজা আসিফ। তিনি বলেন, আফগান তালেবানের মিথ্যা দাবি বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে না। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতিগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি ও বাস্তবায়িত হচ্ছে। সেখানে জনগণ, রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের জনগণ, রাজনীতিক ও সামরিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। খাইবার পাখতুনখোয়ার মানুষ জানে, ভারত সমর্থিত সন্ত্রাসীরা তালেবানের প্রশ্রয়ে কার্যক্রম চালাচ্ছে। 

আরও পড়ুন

×