ভারতের তেলেঙ্গানায় বাস-লরি সংঘর্ষে ২০ জন নিহত
ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সদস্যরা। সোমবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে। ছবি: দ্য হিন্দুর সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১৩:৪৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১৩:৪৫
ভারতের তেলেঙ্গানা রাজ্যের চেভেল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুও আছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল অতিক্রম করতে গিয়ে একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় চেভেল্লা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুত্বর। তাদের পাটনাম মহিন্দ্রা রেড্ডি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এবং ভাস্কার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন থেকে আরও ২ লাখ রুপি দেওয়া হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ এবং আহতদের জন্য অনুদান দেওয়া হবে ৫০ হাজার রুপি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- তেলেঙ্গানা
- ভারত
