ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ককপিটে নারী যাত্রীর ছবি ভাইরাল, নিষিদ্ধ পাইলট

ককপিটে নারী যাত্রীর ছবি ভাইরাল, নিষিদ্ধ পাইলট
×

ককপিটে নারীর ভাইরাল হওয়া ছবি- বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৭:৫৭

উড়োজাহাজের ককপিটে এক নারী যাত্রীর তোলা ছবি ভাইরাল হওয়ার পর চীনের ওই ফ্লাইটের এক পাইলটকে নিষিদ্ধ করা হয়েছে।

গত জানুয়ারির ঘটনাটি সম্প্রতি আলোচনায় এলে পাইলটের বিরুদ্ধে বিমান চালনায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গুইলিন শহর থেকে ইয়াংজুহুতে যাওযার পথে ৪ জানুয়ারি ককপিটে বসে ছবি তোলেন এক নারী। এসময় তাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছিল। 'ভি' চিহ্ন দেখিয়ে ছবির পোজ দেন তিনি।

বছরের শুরুর এই ঘটনা এয়ার গুইলিন কর্তৃপক্ষের নজরে আসে গত রোববার। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ক্যাপ্টেনকে ধন্যবাদ, অনেক খুশি' লিখে একটি পোস্ট দেন অভিযুক্ত নারী যাত্রী। এরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করে কর্তৃপক্ষ।

ফ্লাইটটিতে কখন ওই নারী ছবি তোলার সুযোগ গ্রহণ করেন সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু না জানালেও চীনের পাইলট এবং বিশ্লেষকরা বলছেন আকাশে উড়োজাহাজ থাকার কোনও এক সময়ই এটি ঘটেছে।

ফ্লাইটে আজীবনের জন্য নিষিদ্ধ পাইলটের নাম প্রকাশ করা হয়নি। ফ্লাইট চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে এয়ারলাইন্সের সবকিছু থেকেও নিষিদ্ধ করা হয়েছে কিনা তা জানা যায়নি।

এক বিবৃতিতে এয়ার গুইলিন কর্তৃপক্ষ বলেছে, ককপিটে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি অমান্য করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×