ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে আমিরাত-সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে সরকারের চুক্তি

ইয়েমেনে আমিরাত-সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে সরকারের চুক্তি
×

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও আমিরাত-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে মঙ্গলবার চুক্তি সই হয়- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:৪৮

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও আমিরাত-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইয়েমেন সরকারের এই চুক্তির কথা ঘোষণা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় যুবরাজের এ ঘোষণা। খবর আলজাজিরার।

এই চুক্তিকে 'রিয়াদ চুক্তি' নামে অভিহিত করে সৌদি যুবরাজ বলেন, বিবদমান দু'পক্ষের মধ্যে শান্তি স্থাপন এবং সংকটের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ চুক্তি গত চার বছর ধরে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিয়াদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে যুবরাজ দিনটিকে 'আনন্দময়' বলে বর্ণনা করেন। এ চুক্তির ফলে বিচ্ছিন্নতাবাদী ও সরকারি পক্ষের প্রতিনিধিদের নিয়ে নতুন সরকার গঠন করা হবে। বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র বাহিনী সেই সরকারের নিয়ন্ত্রণে থাকবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। পুরো সামরিক বাহিনী থাকবে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।

ব্রাসেলসভিত্তিক ক্রাইসিস ইন্টারন্যাশরনাল গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ পিটার স্যালিসবেরি বলেন, এটি যদি ঠিকমতো কাজ করে, তাহলে দুটি সমস্যার ভালো সমাধানই হবে। তবে দু'পক্ষকে আন্তরিক থাকতে হবে। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস এই চুক্তিকে স্বাগত জানান।

আরও পড়ুন

×